দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় শিক্ষা উপকরণসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চোরেরা বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্পিকার, এলইডি মনিটর, চারটি সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সিসিটিভি ক্যামেরা ও ডিভিআরসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। এমনকি বিদ্যালয়ের ছুটির কাজে ব্যবহৃত পিতলের ঘণ্টাও চুরি করা হয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ কাগজপত্রও তছনছ করা হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রধান শিক্ষিকা সাবিকুন্নাহার জানান, ১৮২ শিক্ষার্থীর এ বিদ্যালয়ে নিয়মিত পাঠদানে ব্যবহৃত সব গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সামগ্রী চুরি হয়ে গেছে। সকালে বিদ্যালয়ে এসে তারা ঘটনাটি জানতে পারেন।
এ ঘটনায় মাধবদী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে।
এমএস/